
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইরানের সাম্প্রতিক হামলার পর ইসরায়েলের সাধারণ নাগরিকরা নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত মানুষের একটি বড় ভিড় ছুটোছুটি করে একদিকে দৌড়ে যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ব্রেকিং:🚨🇮🇱 ইসরাইলের ইহুদিরা আশ্রয়কেন্দ্র খুঁজে পাচ্ছে না। ওরা ইন্দুরের মত পালিয়ে যাচ্ছে। ধন্যবাদ ইরান, ইজরায়েলকে নিউ গাজা বানানোর জন্য 🤣🤝।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি পুরনো এবং চলমান যুদ্ধ পরিস্থিতির সাথে সম্পর্কিত নয়।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটির কিছু কী-ফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হলে ভিডিওটি ঘিরে একাধিক ইনস্টাগ্রাম পোস্ট, সংবাদ প্রতিবেদন এবং ইউটিউব ভিডিও পাওয়া যায়। অনুসন্ধানে দেখা যায়, ‘jewishbreakingnews’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ৩০ এপ্রিল ২০২৫ তারিখে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। পোস্টটির ক্যাপশনে জানানো হয়, ভিডিওটিতে তেল আবিবের হাবিমা স্কোয়ারে আতঙ্কিত জনতার নাটকীয় দৃশ্য দেখা যায়। পরে জানা যায়, এটি কোনো হামলার ঘটনা নয় বরং উশারদের একটি ঘটনার কারণে সৃষ্ট ভুয়া আতঙ্কের ফল।
যা থেকে স্পষ্ট হয় যে, ভাইরাল এই ভিডিওটি চলমান যুদ্ধ পরিস্থিতির সাথে সম্পর্কিত নয়।
ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানতে উপরোক্ত তথ্যকে সূত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কী ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করলে জানা যায়, ২০২৫ সালের ২৯ এপ্রিল সন্ধ্যায় তেল আবিবের হাবিমা স্কোয়ারে ইসরায়েলের স্মরণ দিবস ইয়োম হাজিকরন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের সময় হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনুষ্ঠান চলাকালে একটি ঘটনার জেরে গুজব ছড়িয়ে পড়ে এবং উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, ফলে অনেকেই দ্রুত এলাকা থেকে দৌড়ে সরে যেতে শুরু করেন। পরে পুলিশ জানায়, এটি কোনো সন্ত্রাসী হামলা বা নিরাপত্তাজনিত ঘটনা ছিল না; বরং একটি ভুয়া আতঙ্কের কারণে এই বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।
আরও প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে দায়িত্ব পালন করা কিছু উশারকে সন্দেহজনক মনে করে তাদের আটক করার ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ে এবং সেই থেকেই উপস্থিত জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০২৫ সালে ইসরায়েলে স্মরণ দিবস উদযাপনের সময় ভুয়ো সাইরেনের আওয়াজে আতঙ্কিত জনতার বিক্ষিপ্তভাবে এদিক-ওদিক ছুটে যাওয়ার ভিডিওকে চলমান ইসরায়েল-ইরান সংঘর্ষের প্রেক্ষিতে শেয়ার করা হচ্ছে।
Title:ভাইরাল হওয়া আতঙ্কিত জনতার ছুটোছুটির ভিডিওটি চলমান ইসরায়েল–ইরান সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়
Fact Check By: Nasim AkhtarResult: False

