
১২ ফেব্রুয়ারি দেশের সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। এই প্রেক্ষিতে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, নির্বাচনের আগে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভের দৃশ্য দেখা যাচ্ছে। ভিডিওতে বিক্ষিপ্ত জনতাকে নির্দিষ্ট দিকে ছুটে যেতে দেখা যায়।
ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”এই মুহূর্তেই সারা বাংলা বেঁধেছে জোট,নৌকা ছাড়া কিসের ভোট… রাজপথে নেমে পড়েছে, মুজিব সেনারা স্লোগানে উত্তাল রাজপথ, #NoBoatNoVote #NoBoatNoElection।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি সাম্প্রতিক সাধারন নির্বাচনের সাথে সম্পর্কিত নয়। ২০২৪ সালে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রজনতার সংঘর্ষের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। দেখতে পাই, ভিডিওতে গণমাধ্যম ‘বনিক বার্তা’র ওয়াটার মার্ক রয়েছে। এটিকে সুত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে হুবহু এই ভিডিওটি ‘Bonik Barta Digital’-এর ফেসবুক পেজে পেয়ে যায়। ভিডিওটি ৪ আগস্ট ,২০২৪, তারিখে পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে,”উত্তরা ও আশেপাশের এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ।“
তাদের ইউটিউব চ্যানেলেও ভিডিওটি ৪ আগস্ট, ২০২৪, তারিখে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে,”আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছা’ত্রজন’তার ব্যা’প’ক সং’ঘ’র্ষ | Quota Protest | A. league protest।“
উপরোক্ত তথ্য থেকে স্পষ্ট হয় যে, বিক্ষোভ প্রদর্শনের ভাইরাল এই ভিডিওটি সাম্প্রতিক সাধারন নির্বাচনের সাথে সম্পর্কিত নয়। ২০২৪ সালের পুরনো ভিডিওকে ভুয়া দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় উত্তরায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র–জনতার সংঘর্ষের একটি ভিডিওকে সাম্প্রতিক সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভের দৃশ্য দাবি করে শেয়ার করা হচ্ছে।
Title:জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্রজনতার সংঘর্ষের পুরনো ভিডিওকে ভুয়া দাবির সাথে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: Missing Context

